
বিএমডব্লিউকাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মিহির শাহে-র ড্রাইভিং লাইসেন্স বাতিলের আবেদন করে আঞ্চলিক পরিবহণ অফিসে চিঠি দিয়েছে মুম্বই পুলিশ।
১৬ জুলাই রাতে মিহির এবং তাঁর দুই বন্ধু জুহুর এক পানশালায় দীর্ঘ ক্ষণ কাটিয়েছিলেন। সূত্রের খবর, তখনই হুইস্কির ১২টি বড় পেগ শেষ করেছিলেন তাঁরা। পুলিশের আতশকাচের নীচে রয়েছে, এই সব কিছুই। এমনকি, মিহিরের রক্তের নমুনাও সংগ্রহ করেছে ফরেন্সিক দল। পুলিশ ইতিমধ্যেই মিহিরের বন্ধু, জুহুর বারের কর্মচারী-সহ ১৩ জনের বয়ান রেকর্ড করেছে। নেশাগ্রস্থ অবস্থায় গাড়ি চালানোর ফলেই মুম্বইয়ের ওরলিতে দুর্ঘটনা ঘটিয়েছেন মিহির, এমনই দাবি পুলিশের। মহারাষ্ট্রের একনাথ শিণ্ডে গোষ্ঠী নেতা রাজেশ শাহের পুত্র মিহির। গত রবিবার ভোরে ওরলিতে গাড়ি চালানোর সময়ে বিএমডব্লিউ নিয়ে তিনি ধাক্কা মারেন একটি স্কুটিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। সেই ঘটনার পর থেকে তিন দিন ফেরার ছিলেন মিহির। তার পর মুম্বই পুলিশ তাঁকে গ্রেফতার করে। ঘটনার পর মিহিরের বাবা রাজেশকে দল থেকে সাসপেন্ড করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিণ্ডে। তাঁকে দলের সব পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। এমনকি পুলিশ তাঁকে ঘটনার পরেই গ্রেফতার করে। যদিও ২৪ ঘণ্টার পর জামিনে মুক্তি পান তিনি।








