
চার মাস পরেও পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে। সোমবার মামলাটির শুনানি স্থগিত হয়ে গিয়েছে শীর্ষ আদালত। পরে শুনানির নতুন তারিখ দেবে শীর্ষ আদালত।২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ওঠে ডিএ মামলা।
গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষবার শুনানি হয়েছিল। ওই বছর নভেম্বরের ৩ তারিখ সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে আরও বিস্তারিত শুনানি প্রয়োজন। তারপরে সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। ২০২২ সালের ২০ মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল ৩১ শতাংশ হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। কলকাতা হাইকোর্টে জয়ী হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। ২০২২ সালের ৩ নভেম্বর মামলা দায়ের হয় শীর্ষ আদালতে। প্রথম শুনানি হয় ২৮ নভেম্বর। অন্যদিকে, মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় কয়েক দফায় ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।








