বিবাহবিচ্ছেদের মামলায় এবার জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার স্ত্রীকে নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। নিষ্ঠুরতার অভিযোগ তুলে স্ত্রী পায়েল আবদুল্লার সঙ্গে বৈবাহিক সম্পর্ক ছিন্ন করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা।
কিন্তু সেই আর্জি খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যান ওমর আবদুল্লা। মামলাটি ওঠে সুপ্রিম কোর্টের বিচারপতি সুধাংশু ধুলিয়া ও বিচারপতি আহসানউদ্দিন আমানউল্লাহর বেঞ্চে। ওমর আবদুল্লার স্ত্রী পায়েল আবদুল্লার কাছে আগামী ছ’সপ্তাহের মধ্যে জবাব তলব করেছে শীর্ষ আদালত।সুপ্রিম কোর্টে এদিন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর হয়ে সওয়াল করেন আইনজীবী কপিল সিব্বল। আদালতে তাঁর যুক্তি, আবদুল্লা দম্পতির বৈবাহিক সম্পর্কে আর কিছুই বাকি নেই। গত ১৫ বছর ধরে ওমর আবদুল্লা ও পায়েল আবদুল্লা আলাদা থাকেন। তাদের বিবাহ একপ্রকার মৃত বলেও আদালতে জানান ন্যাশনাল কনফারেন্স নেতার আইনজীবী। সুপ্রিম কোর্টে তাঁর আর্জি, যাতে শীর্ষ আদালত সংবিধানের ১৪২ অনুচ্ছেদের প্রয়োগ করে এই বিবাহবিচ্ছেদের নির্দেশ দেয়।
