
কলেজের ডিগ্রি থেকে কোনও লাভ নেই। বরং জীবিকা নির্বাহের জন্য বাইক সারানোর দোকান খুলে ফেলা ভাল।
এমনই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মধ্যপ্রদেশের বিজেপি বিধায়ক পান্নালাল শাক্য। মধ্যপ্রদেশজুড়ে মোট ৫৫টি কলেজ ভারচুয়ালি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরে আলাদা আলাদা করে অনুষ্ঠান করে উদ্বোধন করা হয় প্রত্যেকটি কলেজের। গুনার বিধায়ক পান্নালাল শাক্যর এলাকাতেই তৈরি হয়েছে প্রাইম মিনিস্টার কলেজ অফ এক্সেলেন্স। সেই কলেজের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি বিধায়ক বলেছেন, একটা কথা সকলে মনে গেঁথে রাখুক। কলেজের ডিগ্রি নিয়ে কোনও লাভ হবে না। তার থেকে বরং একটা বাইকের চাকা সারানোর দোকান খুলে ফেলুন। তাতে অন্তত কিছু উপার্জন করতে পারবেন। পাশাপাশি দেশের সাম্প্রতিক শিক্ষাপদ্ধতিকেও কাঠগড়ায় তুলেছেন বিজেপি বিধায়ক। তাঁর মতে, হাওয়া ভরে ডিগ্রি দেওয়া হয় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। প্রকৃত শিক্ষা দেওয়া হয় না। নালন্দা বিশ্ববিদ্যালয়ে ১৮ হাজার পড়ুয়া, ১২ হাজার শিক্ষক ছিলেন। তা সত্ত্বেও গোটা বিশ্ববিদ্যালয় পুড়ে ছাই হয়ে গিয়েছিল। পড়ুয়ারা কেবল বসে বসে ভাবছিল, কিভাবে বিশ্ববিদ্যালয়কে রক্ষা করা যায়।
