
এসএসসির ২৬ হাজার চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যেই কলকাতা হাই কোর্টে টেটের ৪২ হাজার পদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠল। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ ওই ৪২ হাজার চাকরির নিয়োগের প্যানেল দেখতে চেয়েছেন।
এ ব্যাপারে প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেওয়া বিশেষ নির্দেশে বিচারপতি বলেছেন, নিয়োগের প্যানেল ১৫ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে। ৩০ জুলাই এই মামলাটি আবার শুনবে আদালত।উল্লেখ্য,সোমবার থেকে বিচারপতি সিংহের এজলাসের মামলা-সূচি বদলে তাঁর হাতে এসেছে প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলাগুলি। তার পরে মঙ্গলবারই তাঁর এজলাসে শুনানি জন্য ওঠে ২০১৪ সালের টেটের নিয়োগ সংক্রান্ত একটি মামলা।এদিকে,২০১৪ সালে যে টেট পরীক্ষা হয়েছিল, তার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় ২০১৬ সালে। রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে ৪২ হাজার শূন্যপদে নিয়োগ করা হয়েছিল ওই নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আনেন চাকরিপ্রার্থীদের একাংশ। নিয়োগ প্রক্রিয়ারে চ্যালেঞ্জ করেই হাই কোর্টে মামলা করেন সোমনাথ সেন নামে এক চাকরিপ্রার্থী। মঙ্গলবার সেই মামলারই শুনানি হয় বিচারপতি সিংহের এজলাসে।মামলা চলাকালীন বিচারপতি সিংহ জানতে চান, ওই ৪২ হাজার নিয়োগের তালিকা কোথায়? কারা ওই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছিলেন? জবাবে মামলাকারীর যুক্তি শোনার পর তাঁর পর্যবেক্ষণ,প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও নিয়োগের তালিকা থাকা দরকার। কারা যোগ্য এবং কারা চাকরি পেলেন, তা প্যানেল থেকেই জানা সম্ভব। এর পরেই বিচারপতির নির্দেশ, নিয়োগ যখন হয়েছে, প্যানেল তো থাকবেই। সেই প্যানেলই আদালত দেখতে চায়।
