
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তায় গাফলতি হয়েছিল। এভাবেই দায় স্বীকার করে নিয়েছেন ইউএস সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি শিয়াটল।
এক বিবৃতি প্রকাশ করে তিনি জানিয়েছেন, শনিবার পেনসিলভেনিয়ার ওই সভায় ডোনাল্ড ট্রাম্পের উপর যে হামলা হয়েছিল, তার দায় তাঁর দফতরের। প্রাক্তন প্রেসিডেন্টের নিরাপত্তার ঘাটতি যে সে দিন হয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন তিনি। অবশ্য এর জন্য তিনি ইস্তফা দেবেন না বলেও এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন।তবে সিক্রেট সার্ভিসের গাফিলতির কথা মেনে নিলেও বাটলার কাউন্টির স্থানীয় পুলিশও যে এই ঘটনার জন্য সমান ভাবে দায়ী, তা আরও একবার পরিষ্কার করে দিয়েছেন কিম্বারলি শিয়াটল। সে দিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর জানিয়েছেন, সভাস্থলের ভিতরের এলাকার নিরাপত্তার দায়িত্বে ছিলেন সিক্রেট সার্ভিস এজেন্টরা। আর ওই মাঠের বাইরের বাকি এলাকার নিরাপত্তা দেখার দায়িত্ব ছিল স্থানীয় পুলিশ বিভাগের উপর।হাউস অব রিপ্রেজ়েন্টেটিভসের রিপাবলিকান সদস্য, জেমস কোমার একটি চিঠি দিয়েছেন কিম্বারলি শিয়াটলকে। চিঠিতে বৃহস্পতিবারের মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সভার নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টদের তালিকা চেয়েছেন জেমস কোমার। তাঁর কথায়, আমেরিকান নাগরিকদের সব উত্তর জানার অধিকার আছে।
