
আবারও জম্মু-কাশ্মীরের রাজৌরির সেনা ছাউনিতে অতর্কিতে জঙ্গি হামলায় আহত হয়েছেন ১ জওয়ান।জানা গিয়েছে, সোমবার ভোরে প্রচুর পরিমাণে গোলা-বারুদ নিয়ে একদল জঙ্গি রাজৌরির সেনা ছাউনিতে হামলা চালায়।
ভোর চারটে নাগাদ প্রথমে গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালান জওয়ানেরাও। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলির লড়াই। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে এক জওয়ান জখম হয়েছেন। তবে শেষ পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে পেরে না উঠে পিছু হটতে বাধ্য হয় জঙ্গিরা।সূত্রের খবর, হামলাকারী জঙ্গিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছেন নিরাপত্তাবাহিনী। গোটা এলাকা ঘিরে চলছে তল্লাশি। প্রসঙ্গত, শনিবারই সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী জম্মুতে গিয়েছিলেন। জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন। আলোচনা করেছেন উপত্যকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই ফের সেনা ছাউনিতে হামলা চালিয়েছে জঙ্গিরা।








