
ছেলেধরা সন্দেহে এবার গোসাবায় মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ইলেকট্রিক পোস্টে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে উন্মত্ত জনতার বিরুদ্ধে।
এই ঘটনায় অভিযুক্ত শত্রুঘ্ন সিং ও ঠাকুরপদ মাঝি নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। নৃশংস এই ঘটনার ছবি প্রকাশ্যে এসেছে গোসাবা থানার অন্তর্গত ৪ নং কচুখালি গ্রামে। জানা গিয়েছে, ছেলেধরা সন্দেহে বছর পঞ্চাশের ওই মহিলাকে রবিবার বিকেলে ধরেন গ্রামবাসীরা। এরপরই গোসাবা থানার সিভিক ভলান্টিয়ারের সামনেই ইলেকট্রিক পোস্টে বেঁধে চলে অমানুষিক অত্যাচার। দীর্ঘক্ষণ মারধরের ঘটনায় অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। খবর পেয়ে গোসাবার বেলতলি ক্যাম্পের এক পুলিশকর্মী ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় একটা নার্সিংহোমে ভর্তি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
