
কলকাতার পর এবার গুজরাটে তিনতলা বাড়ি ভেঙে পড়ে দুই নাতনি-সহ বৃদ্ধার মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপে দীর্ঘসময় আটকে ছিলেন তিনজন।
বুধবার উদ্ধারকাজ শেষে পুলিশ জানিয়েছে, তিন জনেরই মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে দ্বারকা জেলার জাম খাম্বালিয়া শহরে। সূত্রের খবর, শহরের গগনওয়ালি এলাকার তিনতলা বাড়িটি বেশ কিছুদিন ধরেই বিপজ্জনক অবস্থায় ছিল। ভারী বৃষ্টির ফলে ধসে পড়ে বাড়িটির একাংশ। বাড়িতে ছিলেন এক বৃদ্ধা এবং তাঁর দুই নাতনি। এরপর প্রায় ছ’ঘন্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর তিন জনের দেহ বার করা হয়। এছাড়াও ওই বাড়ির বাসিন্দা ছিলেন আরও পাঁচ জন। তাদেরও উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।অন্যদিকে, কিছুদিন ধরেই প্রবল বৃষ্টিতে ভাসছে গুজরাট। বিপদসীমার উপরে বইছে বেশ কিছু নদী। সৌরাষ্ট্র ও দক্ষিণ গুজরাটের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হয়েছে নভসারি, জুনাগড়, দ্বারকা, কচ্ছ, ডাঙ্গ ওবং তাপি জেলাতেও। টানা বৃষ্টিতে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এরমধ্যে বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ি থেকে না বেরোনোর পরামর্শ দিয়েছে প্রশাসন।








