
দিল্লির আইএএস কোচিং সেন্টারে ৩ পড়ুয়ার মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা।
কোচিং সেন্টারের বেসমেন্টে জলে ডুবে ৩ আইএএস পড়ুয়ার ডুবে মৃত্যুতে হুলুস্থুল পড়ে গিয়েছে রাজধানীজুড়ে।ইতিমধ্যে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। দিল্লি সরকারকে দুষেছে বিজেপি নেতৃত্ব। তবে দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী মারলেনা জানিয়েছে, এই দুর্ঘটনায় ম্যাজিস্ট্রের পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এ ঘটনার জন্য যারাই দায়ী হন না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিল্লির মেয়র শেলী ওবেরয়। মেয়র জানিয়েছেন, এই ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা বিভাগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ঘটনাস্থলে গিয়েছেন আম আদমি পার্টির বিধায়ক দুর্গেশ পাঠকও। তবে কোচিং সেন্টারের বেসমেন্টে কেন লাইব্রেরি তৈরি করা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ইতিমধ্যে মামলা দায়ের করেছে। ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন জানিয়েছেন, সন্ধ্যা ৭টা নাগাদ তাদের কাছে খবর আসে, রাজেন্দ্রনগর এলাকার একটি ইউপিএসসি-র কোচিং সেন্টারের বেসমেন্ট জলমগ্ন হয়ে পড়েছে। সেখানে কিছু পড়ুয়া আটকে থাকতে পারে। বৃষ্টি বাড়তে থাকায় ওই এলাকার একাধিক রাস্তা জলের নীচে ডুবে গিয়েছিল। ওই কোচিং সেন্টারের বেসমেন্টেও তাই হয়।








