
আবগারি দুর্নীতিকাণ্ডে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই। সোমবার দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করা হয়েছে চার্জশিট।
এর আগে এই মামলায় একটি প্রধান এবং চারটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করেছিল সিবিআই। ওই চার্জশিটগুলিতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া, তেলঙ্গানার বিধান পরিষদের সদস্য কে কবিতা এবং অন্য কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। সিবিআইয়ের তরফে জানানো হয়েছে, আবগারি দুর্নীতিকাণ্ডে যে চার্জশিট দিয়েছে তারা, সেটাই চূড়ান্ত। চার্জশিটে তারা দাবি করেছে, আপ প্রধানের নির্দেশেই দলের নেতাদের কোটি কোটি টাকা দিয়েছিলেন মদের ব্যবসায়ী, বদলে নিয়েছিলেন সুবিধা।সিবিআই সূত্রে খবর, কে কবিতার বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০২১ সালের ১৬ মার্চ দিল্লির সচিবালয়ে অরবিন্দ কেজরিওয়ালের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেছিলেন ব্যবসায়ী মাগুনতা শ্রীনিবাসুলু রেড্ডি। তিনি টিডিপির সাংসদও। শ্রীনিবাসুলু রেড্ডি দিল্লিতে তাঁর মদের ব্যবসার প্রসারে সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছিলেন বলে দাবি করেছে সিবিআই। সে সময় ২০২১-২২ আবগারি নীতির খসড়া তৈরির কাজ চলছিল। এরপরেই কে কবিতার সঙ্গে শ্রীনিবাসুলু রেড্ডিকে যোগাযোগ করতে বলেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির আবগারি নীতির খসড়া তৈরিতে সাহায্য করছিলেন কে কবিতা।
