
২০১৪-র আগে বাজেটে শুধু ঘোষণাই হত, এখন বাস্তবায়ন হয়। সিআইআই-র বাজেট পরবর্তী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ভারতের শেয়ার প্রায় ১৬ শতাংশে পৌঁছে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর মন্তব্য, গত ১০ বছরে সরকার দেশের প্রতিটি খাতের অর্থনীতির বৃদ্ধির দিকে বিশেষ নজর দিয়েছে। বর্তমানে বিশ্ব ভারতের শক্তিকে স্বীকৃতি দিতে শুরু করেছে। দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেছেন, সব সঙ্কট এবং চ্যালেঞ্জের মধ্যেও বিশ্বের অন্যান্য দেশগুলির মধ্যে ভারত অন্যতম উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠা পাচ্ছে। প্রযুক্তিই বর্তমান, আর প্রযুক্তিই ভবিষ্যৎ। সরকার এই প্রযুক্তির বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে। লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ এই প্রযুক্তির সঙ্গে যুক্ত। প্রধানমন্ত্রী বাজেট সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, সরকার রেলের বাজেট আট গুণ বাড়িয়েছে, কৃষি খাতে বাজেট ৪ গুণ বাড়িয়েছে, কৃষকদের দিকেও নজর রাখা হচ্ছে।







