
হাজার কোটি টাকা খরচ করে তৈরি হয়েছে নতুন সংসদ ভবন, সেন্ট্রাল ভিস্তা। আর সেখানেই দেখা গিয়েছে ছাদ চুঁইয়ে জল পড়তে।
এমনই দৃশ্য দেখা গিয়েছে নতুন সংসদ ভবনে। সংসদের লবিতে রাখা বালতি, ছাদ চুঁইয়ে পড়া জল ধরতে ব্যবহার করা হচ্ছে সেটি। সেই ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস সাংসদ মণিকম ঠাকুর। পোস্টে ওই ভিডিও দিয়ে তার সঙ্গে নীট প্রসঙ্গ টেনে জুড়ে দিয়েছেন কটাক্ষ- লিখেছেন, বাইরে পেপার লিকেজ, ভিতরে ওয়াটার লিকেজ। তাঁর আরও অভিযোগ, সংসদের যে লবি রাষ্ট্রপতি ব্যবহার করেন সেখানে এমন জল চুঁইয়ে পড়ার ঘটনা সংসদ ভবনের মান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। এই বিষয়টি তুলে ধরে লোকসভায় মুলতুবি প্রস্তাব আনার জন্য নোটিশ দিয়েছেন তিনি। তাঁর দাবি, সংসদ ভবনের এই অবস্থায় সব দলের সাংসদদের নিয়ে একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা উচিত যেটি এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত করবে। দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে সংসদ ভবনের বাইরেও জল জমে যাওয়ার ঘটনা ঘটেছিল বুধবার।








