
তাজপুরে বন দফতরের জমিতে অবৈধ দখলদারি হঠাতে গিয়ে কারামন্ত্রী অখিল গিরির রোষের মুখে ফরেস্ট অফিসার।
ফরেস্ট অফিসার মৌমিতা সাউকে হুমকি দিয়ে বলেছেন মিলেমিশে কাজ না করলে তাঁর আয়ু ১৫ দিন। মহিলা অফিসারকে বেয়াদপ বলেও হুমকি দিতে শোনা গিয়েছে মন্ত্রী অখিল গিরিকে। জানা গিয়েছে তাজপুর সমুদ্র সৈকতের ধারে অবৈধভাবে বনদফতরের জমিতে দিনের পর দিন দোকান, ঝুপড়ি বানিয়ে অবৈধভাবে ব্যবসা চালাচ্ছেন অনেকে। বনদফতরের অভিযোগ বারবার বলা সত্ত্বেও দোকানদাররা তাদের দোকান সরাননি।। এরমধ্যে সমুদ্রের জলে সেই দোকানগুলো ভেঙে যায়। ফের শুক্রবার রাতে নতুন করে বনদফতরের জায়গায় দোকান তৈরি শুরু হয়। তাতে বাধা দেয় বনদফতরের কর্মীরা। দোকান তৈরিতে বনদফতরের বাধা দেওয়ার খবরে সকালে সেখানে হাজির হন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী অখিল গিরি। তিনি দখলদারদের পাশে দাঁড়িয়ে বনদফতরের আধিকারিকদের কাজে বাধা দেন। মহিলা অফিসারের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। শেষপর্যন্ত মন্ত্রীর হুমকিতে ফিরে যেতে বাধ্য হন বনদফতরের কর্মীরা।
