
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের চার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। সকাল থেকেই শহরের আকাশে চড়া রোদের সঙ্গে মেঘলা আকাশের কারণে ভ্যাপসা গরম বেড়েছে।
রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং এবং মুর্শিদাবাদে। তবে দক্ষিণের আর কোনও জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা জারি হয়নি। তবে সার্বিক ভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টির পরিমাণ বাড়বে। একই সঙ্গে রবিবার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলতে পারে। দুর্যোগের মধ্যে শনিবারে বঙ্গোপসাগরে ডুবল মাছ ধরার ট্রলার। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে বঙ্গোপসাগরের বাঘেরচরের কাছে। ট্রলারটিতে ১৪ জন মৎস্যজীবী ছিলেন। পাশে থাকা অন্য ট্রলারের মৎস্যজীবীরা সমুদ্র থেকে ১৪জনকে উদ্ধার করেন। প্রত্যেকেই সুস্থ আছেন বলে মৎস্যজীবী ইউনিয়ন সূত্রে জানা গেছে। তবে ডুবন্ত ট্রলারের কোন খোঁজ নেই।








