
বাংলাদেশে একদিকে যখন নতুন সরকার গঠন হচ্ছে, অন্যদিকে তখন কার্যত চলছে গণহত্যা। যশোরে আওয়ামি লিগ নেতার পাঁচতারা হোটেলে অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে একাধিক বিদেশি-সহ ২৪ জনের মৃত্যু হয়েছে।
জানা গিয়েছে, ওই হোটেলটি যশোরে জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের। প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার পর পরই হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে বিজয় উল্লাস ও মিছিল করে। এরমধ্যে তাঁরা জেলা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের মালিকানাধীন পাঁচতারকা হোটেল জাবির ইন্টারন্যাশনাল, তাঁর বাড়ি ও প্রেসে আগুন ধরিয়ে দেয়।সেখানেই জীবন্ত দগ্ধ হয়ে ২৪ জনের মৃত্যু হয়। অন্যদিকে, হত্যার আগে আত্মসমর্পণের সুযোগ চেয়ে মিনতি করেছিলেন এনায়েতপুর থানারই ১৪ জন পুলিশকর্মী। রবিবার হামলার সময় ওই থানায় প্রায় ৪০ জন পুলিশকর্মী কর্তব্যরত ছিলেন। একদল বিক্ষুব্ধ জনতা যখন তেড়ে আসে থানার দিকে, তখন পুলিশকর্মীরা ভয়ে যে যে দিকে পেরেছেন, দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন।








