
শুক্রবার সকালে বিধানসভায় মিলে মিশে গিয়েছে সব রং। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুভেন্দু অধিকারী একসারিতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন।
মাল্যদান করেছেন রাজ্যের মন্ত্রীরা, একসারিতে শ্রদ্ধা জানিয়েছেন শাসক-বিরোধী বিধায়করা। শুক্রবার সকাল সাড়ে ১০টার কিছু পরে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভার উদ্দেশে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য-র দেহ। শেষবারের মত বিধানসভায় পৌঁছন বুদ্ধদেব ভট্টাচার্য। তবে শববাহী শকটে চড়ে। একসময় যার বক্তব্যে গমগম করত বিধানসভা। সেখানেই এসেছেন নীরব হয়ে একে একে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাড়াও শ্রদ্ধা জানিয়েছেন বিজেপি বিধায়করা। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। বুদ্ধদেববাবুকে শেষ শ্রদ্ধা জানাতে বিধানসভার বাইরেও ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। সেই ভিড়ে ছিলেন বিধানসভার প্রাক্তন কর্মীরাও। সবার অনুরোধে কিছুক্ষণের জন্য থমকে যায় শববাহী শকট। স্লোগান ওঠে বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম।






