
ওড়িশায় কাজে গিয়ে আক্রমণের মুখে পড়ছেন পশ্চিমবঙ্গের শ্রমিকরা। এরপরেই বিষয়টিতে হস্তক্ষেপ করতে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝিকে ফোন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নবান্ন সূত্রে খবর, সম্প্রতি বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। বিষয়টি জানতেই পেরে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী কে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।পাশাপাশি সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন তিনি।জানা গিয়েছে, সম্প্রতি রাজ্যের মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া, রঘুনাথগঞ্জ এবং সামশেরগঞ্জের বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক ওড়িশায় কাজ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। এই ঘটনায় উদ্বিগ্ন পরিযায়ী শ্রমিকদের পরিবার। সেই খবর পেয়েই তৎপর হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
