
আবারও মুম্বইয়ে বেপরোয়া গাড়ির ধাক্কায় ফুটপাতে একজনকে পিষে দিয়ে এবং অন্য জনকে ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন দুই যুবক। তবে শেষরক্ষা হয়নি।
পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই অভিযুক্তই।ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের ভারসোভা সমুদ্র সৈকত এলাকায়। সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত হয়ে সমুদ্রের ধারের ফুটপাতে ঘুমোচ্ছিলেন গণেশ যাদব। আর বাবলু শ্রীবাস্তব এসেছিলেন স্থানীয় এক ঝুপড়ি থেকে। গরমে কষ্ট হচ্ছিল, তাই সমুদ্রের ধারে এসে শুয়ে পড়়েছিলেন। আচমকাই তাঁদের ধাক্কা মারে একটি এসইউভি। পুলিশের প্রাথমিক অনুমান, গাড়িটি গতি খুব বেশি ছিল। সে কারণেই নিয়ন্ত্রণ রাখতে না পেরে চালক ফুটপাতে তুলে দেন। প্রথমে বাবলুকে ধাক্কা মারেন। তাঁর মাথায় এবং হাতে আঘাত লাগে। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ঘুম ভাঙতে লাফিয়ে তিনি পাশে চলে যান। তাই প্রাণে বেঁচে গিয়েছেন বাবলু। কিন্তু গণেশ সেই সুযোগ পাননি। ঘুমন্ত অবস্থাতেই তাঁকে পিষে দিয়ে চলে যায় গাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গণেশকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসা চলছে বাবলুর। দুর্ঘটনার পর গাড়ি নিয়ে পালিয়ে যান অভিযুক্তেরা। তবে পরে এলাকার সিসিটিভি ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত করে পুলিশ। তারপর তল্লাশি চালিয়ে দু’জনকেই গ্রেফতার করে। দুর্ঘটনার সময় তাঁরা নেশাগ্রস্ত ছিলেন কিনা তা-ও পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। দু’জনের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
