
জাতীয় পতাকা উত্তোলন করে রেড রোডে ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়।
তারপর হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। রেড রোডের বর্নাঢ্য কুচকাওয়াজে মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানানো হয়। কলকাতা ও রাজ্য পুলিশের অন্যান্য বিভাগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজের পড়ুয়া, ক্লাব-সংগঠনের সদস্য এবং ক্রীড়া ও সংস্কৃতি জগতের বিশিস্টরা রেড রোডের কুচকাওয়াজে অংশগ্রহণ করেন। রাজ্য সরকারের তরফে প্রদর্শন করা হয় সেফ ড্রাইভ সেফ লাইফ, কন্যাশ্রী, সবুজশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সুবজসাথী সহ অন্যান্য প্রকল্পের ট্যাবলো। সেই সঙ্গে পরিবেশ রক্ষার্থে বিশেষ বার্তাও দেয় রাজ্য সরকার। বাউল, ছৌ সহ বাংলার লোকসংস্ক্রীতির বিভিন্ন অনুষ্ঠানে মুখরিত হয় রেড রোড। উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, মুখ্যসচিব ভগবতীপ্রসাদ গোপালিকা, পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং অন্য প্রশাসনিক আধিকারিকরা। পুলিশকর্মীদের অবদানের জন্য পদকও পরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশংসনীয় কাজের জন্য চারজন শীর্ষ আধিকারিককে পুলিশ পদকে সম্মানিত করেছেন তিনি। একই সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হয় শহরজুড়ে। বিভিন্ন পাড়া এবং মহল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দিনটি পালন করেন শহরবাসী।
