
সুদানে আধাসামরিক বাহিনীর হামলায় দেশটির দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি গ্রামে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে একটি মেডিক্যাল সূত্র এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। জানা গেছে সেন্নার রাজ্যের জলগিনি গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
উল্লেখ্য আধাসামরিক বাহিনী পেশাদার সামরিক বাহিনীর মতো, কিন্তু আইনিভাবে সুদানের সামরিক বাহিনীর অংশ নয়।জলগিনির চিকিৎসাকেন্দ্রের একটি সূত্র জানিয়েছে, হাসপাতালে ৫৫ জন মৃত ও কয়েক ডজন আহত অবস্থায় পাওয়া গেছে এবং তাদের মধ্যে ২৫ জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে।স্থানীয় এক ব্যক্তি বলেছেন, আধাসামরিক বাহিনী পূর্ণ শক্তিতে ফিরে আসার আগে প্রাথমিকভাবে স্থানীয় গ্রামবাসীদের প্রতিরোধের মুখোমুখি হয়েছিল। তিনটি সামরিক যান জলগিনিতে আক্রমণ শুরু করে। উল্লেখ্য,বুধবার আমেরিকা ,সৌদি আরব ও সুইজারল্যান্ডের মধ্যস্থতাকারীদের আয়োজনে সুইজারল্যান্ডে যুদ্ধবিরতির আলোচনা শুরু হলেও সুদানের সেনাবাহিনী এতে অংশ নিতে অস্বীকৃতি জানায়। এর আগে সৌদি আরবের জেদ্দায় কয়েক দফা আলোচনা যুদ্ধ বন্ধের কোনো চুক্তিতে পৌঁছতে ব্যর্থ হয়েছে।রাষ্ট্রসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অনুসারে,সেনারে লড়াইয়ে প্রায় সাত লাখ ২৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের অনেকেই যুদ্ধ থেকে পালিয়ে উত্তর-পূর্ব আফ্রিকার দেশটির অন্যান্য অঞ্চলে আশ্রয় নিয়েছিল।









