
দেশজুড়ে রাখিবন্ধন উৎসবের মধ্যে নিজেদের ছোটবেলার বেশ কয়েকটি ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ভাই-বোন।
কোনওটায় দেখা যাচ্ছে, বাবার সঙ্গে সময় কাটাচ্ছেন ছোট্ট ভাইবোন। কোনওটায় আবার দাদা রাহুলের সঙ্গে খেলায় মেতে খুদে প্রিয়াঙ্কা। লোকসভার বিরোধী দলনেতার বড়বেলা’র ছবিও পোস্ট করতে ভোলেননি প্রিয়াঙ্কা গান্ধী। রাখিবন্ধনের দিনে তাঁর বার্তা,ভাইবোনের সম্পর্কটা হল এমন একটা বাগান যেখানে ভালোবাসা আর সম্মান দিয়ে প্রচুর ফুল ফোটে। কঠিন সময়ে ভাইবোন একে অপরের পাশে থাকে, একসঙ্গে প্রচুর স্মৃতিও তৈরি করে। প্রিয়াঙ্কার এই বার্তার পরে সোশাল মিডিয়ায় রাখিবন্ধনের শুভেচ্ছা জানান রাহুল গান্ধীও। বোনের সঙ্গে ছবি দিয়ে তাঁর বার্তা, ভাইবোনের ভালোবাসা অটুট। একে অপরকে রক্ষা করার মাধ্যমে এই সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠুক। দেশবাসীকে জানাই রাখিবন্ধনের প্রীতি ও শুভেচ্ছা।অন্যদিকে, দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।এক্স হ্যান্ডেলে লিখেছেন,দেশের সমস্ত ভাইবোনকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানাই। এই উৎসবের দিনে আপনাদের সম্পর্ক আরও মধুর হোক, জীবনে শান্তি-সমৃদ্ধি নিয়ে আসুক। এদিকে সীমান্তে কর্তব্যরত জওয়ানদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন কাশ্মীরের মহিলারা। রাখি বন্ধনের দিনে শত্রুর নিকেশ করে দেশের মাটিকে রক্ষার পাশাপাশি কাশ্মীরী বোনেদের রক্ষার দায়িত্ব নিয়েছেন দেশের সেনা জওয়ানরা।ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, কাশ্মীরের ভারত-পাক সীমান্তে কর্তব্যরত জওয়ানদের রাখি পরিয়ে তাঁদের মিষ্টি খাইয়ে দিচ্ছেন গ্রামের মুসলিম মহিলারা। জানা যাচ্ছে, এই ভিডিও সীমান্তবর্তী উরি সেক্টরের সোনি গ্রামের।
