
থানের স্কুলে দুই শিশুকে যৌন নিগ্রহের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। এই পরিস্থিতিতে বুধবার বিষয়টি তদন্তের দায়িত্ব নিয়েছে জাতীয় শিশুসুরক্ষা কমিশন।
তারা জানিয়েছে, অবিলম্বে তাঁরা ওই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একটি বিশেষ দল পাঠাবে থানের বদলাপুরে। অন্যদিকে, বদলাপুরের ঘটনার যাঁরা পথে নেমে প্রতিবাদ করেছিলেন, তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মহারাষ্ট্র পুলিশ। প্রায় ৩০০ জনের বিরুদ্ধে ওই এফআইআর দায়ের হয়েছে। তাদের মধ্যে অন্তত ৪০ জনকে গ্রেফতারও করেছে থানে পুলিশ।১৩ অগস্ট বদলাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলের কিন্ডারগার্ডেনের দুই ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগ ওঠে স্কুলেরই এক সাফাইকর্মীর বিরুদ্ধে।ঘটনাটি প্রকাশ্যে আসার পরে মঙ্গলবারই প্রতিবাদে সরব হন স্কুলের অভিভাবকেরা। তাঁদের সঙ্গে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন শহরের বাসিন্দারাও। প্রতিবাদকারীদের একাংশ ওই স্কুলে ঢুকে ভাঙচুর চালান। পরে বদলাপুর রেল স্টেশনে ধর্নায় বসে গোটা দিন তাঁরা রেল অবরোধ করেন। ট্রেন লক্ষ্য করে পাথরও নিক্ষেপ করে উত্তেজিত জনতা। শেষে পরিস্থিতি সামলাতে পুলিশ লাঠি চালায়। এলাকায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, এই বিক্ষোভের নেপথ্যে আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। সরকারের বদনাম করার চেষ্টা চলছে। অন্যদিকে, বিরোধীরা এই ঘটনার প্রতিবাদে শনিবার মহারাষ্ট্রে বন্ধ ঘোষণা করেছে।








