ভাঙল ব্যারিকেড, বিজেপির স্বাস্থ্যভবন অভিযানে ধুন্ধুমার, আটক শুভেন্দু

0
401
suvendu arrested
suvendu arrested
ভাঙল পরপর ব্যারিকেড, আর জি করকাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির স্বাস্থ্যভবন অভিযান ঘিরে দফায় দফায় উত্তপ্ত রইল সল্টলেক।
হাডকো মোড় থেকে শুরু হওয়া বিজেপির মিছিল যতই স্বাস্থ্যভবনের দিকে এগিয়েছে ততই দফায় দফায় পুলিশের বাধার মুখে পড়েছে। তারপরেও একের পর এক পরপর ৪ টে ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে থাকেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকরা। মিছিলে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অর্জুন সিং থেকে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির সাংসদ বিধায়করা বাদ ছিলেন না কেউ। মিছিল থেকে স্লোগান উঠেছে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ, রাজ্যে শুধুই ধর্ষণ, মুখ্যমন্ত্রীর নেই প্রয়োজন। মিছিল ইন্দিরা ভবনের সামনে পৌঁছতেই আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি বেধে যায়। তখনই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যকে আটক করে প্রিজন ভ্যানে তোলে পুলিশ। এরপরেই প্রিজন ভ্যানের সামনে বসে পড়ে রাস্তা আটকায় বিজেপি কর্মীরা। প্রিজন ভ্যানের মাথায় উঠে পড়েন বিজেপি কর্মীরা। পরে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয় শুভেন্দু অধিকারীদের। ইন্দিরা ভবনের সামনে যখন আটক হয়েছেন শুভেন্দু অধিকারী। তখন একের পর এক ব্যারিকেড টপকে অর্জুন সিং বিজেপি কর্মীদের নিয়ে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যেতে থাকেন। পর পর বাধা টপকে এগিয়ে যেতে থাকেন বিজেপি কর্মীরা। লাঠিচার্জ, ব্যারিকেড কোনও কিছুই আটকাতে পারেনি বিজেপি কর্মীদের স্বাস্থ্যভবন অভিযানকে।