
আর জি কর-কাণ্ডের আবহে বাইরের কোনও কর্মসূচিতে যোগদান করতে পারবে না স্কুল পড়ুয়ারা। এমনই নির্দেশিকা জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল শিক্ষা দফতর। যা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
বিষয়টি প্রকাশ্যে আসতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন আমজনতা পথে নামছে তাতে সরকার তথা মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। তাই আটকানোর চেষ্টা করছেন। কিন্তু এভাবে কন্ঠরোধ করা যাবে না। বিচারের দাবিতে আওয়াজ উঠবেই। বৃহস্পতিবার জেলার সরকারি স্কুলগুলির প্রধানশিক্ষকদের উদ্দেশে এই নির্দেশিকা জারি করেছেন পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই স্বপন সামন্ত। সেখানে বলা হয়, কেবলমাত্র শিক্ষা দফতরের ছাড়া বিদ্যালয় ক্যাম্পাসের বাইরে অন্য কোনও কর্মসূচিতে ছাত্রছাত্রীরা যোগদান করতে পারবে না। এর জন্য প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়ার জন্য স্কুলগুলোর প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।








