হাসপাতাল বা থানা গাফিলতিতে ব্যবস্থা : মোদী 

0
126
Action on hospital or police station negligence  Modi
Action on hospital or police station negligence Modi

হাসপাতাল হোক বা থানা গাফিলতি হলেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আর জি করের নাম না করে নারীদের উপর অত্যাচার নিয়ে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ। এই রবিবার মহারাষ্ট্রের জলগাঁওতে লাখপতি দিদি সম্মেলনে নারীদের উপর অত্যাচারের ঘটনা নিয়ে ফের সরব হয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, তিনি প্রতিটি রাজ্য সরকারকে আরও একবার বলতে চান যে, মহিলাদের উপর অপরাধের ঘটনা মেনে নেওয়া যায় না। কে অপরাধী, সেটা বড় বিষয় নয়। কিন্তু তারা যেন ছাড় না পায়। যে মহিলাদের অত্যাচার করে এবং যে তাকে বাঁচায়, তাদের শাস্তি হওয়া উচিত। হাসপাতাল হোক বা থানা, যেখানেই গাফিলতি, সেখানেই উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রীর কথায়, যারা মহিলাদের উপর অত্যাচার করে তাদের আরও কড়া শাস্তির জন্য কেন্দ্রীয় সরকার আইন আরও কড়া করছে। নাবালকদের বিরুদ্ধে যৌন অপরাধের ঘটনায় নতুন আইনে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজার জায়গা রয়েছে। এর আগে বিয়ের নাম করে মেয়েদের সঙ্গে প্রতারণা করা হলেও এই অপরাধের জন্য আলাদা করে কোনও আইন ছিল না। এখন বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি এবং প্রতারণার জন্য বিএনএস-এ আইন রয়েছে।