
আর জি কর-কাণ্ডের প্রতিবাদে রাজনীতির রং লাগাতে চাইছে বিজেপি। একযোগে এমনই অভিযোগ করেছে বাম-কংগ্রেস। এসএফআই-র রাজ্য সাধারণ সম্পাদক দেবাঞ্জন দে-র মন্তব্য, বিজেপি তরুণদের আবেগকে ব্যবহার করে রাজনীতির রুটি সেঁকতে চাইছে।
তবে তিনি আশা করবেন বিচারের দাবিতে মূল আন্দোলন অক্ষুণ্ণ থাকবে এবং সংকীর্ণ রাজনীতির স্বার্থসিদ্ধি যাঁরা করতে চাইছেন তাঁরা বিচ্ছিন্ন হবেন। আর জি করের ঘটনার পর রাজ্যে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ গড়ে উঠেছিল, তাতে রাজনীতির রঙ মেশানোর অভিযোগ তুলছে কংগ্রেসও। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর মন্তব্য, রাজনীতি কখনও লাশকেন্দ্রিক হতে পারে না। যাঁরা এটি করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিক। যাঁদের বডি বানাতে চাওয়া হচ্ছে, তাঁদেরকেও প্রশাসন রক্ষা করুক। তিনি বলেছেন, বিজেপি বডির কথা বলে নজর ঘোরাতে চাইছে, আর তদন্ত খুন-ধর্ষণ থেকে দুর্নীতির দিকে চলে যাচ্ছে। বিজেপি ও তৃণমূল উভয়েই সমান।








