
মুর্শিদাবাদের সাগরদিঘিতে শশুরবাড়ির লোকজনের গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত জামাই সহ তিন জনের মৃত্য়ু হয়েছে। মৃতদের মধ্য়ে দু’জন মহিলা। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের নাম রমজান শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে রমজানের স্ত্রীর মৃত্যু হয়। তবুও তাঁর যাতায়াত ছিল শ্বশুরবাড়িতে। শুক্রবার বিকেলে শ্বশুরবাড়ি গিয়ে শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন রমজান। শ্যালকের স্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় রেগে ওঠেন তিনি। শুরু হয় তুমুল বচসা। অভিযোগ, বচসার সময় হঠাৎ উত্তেজিত হয়ে পড়েন রমজান। এর পরেই শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন তিনি। অভিযুক্ত রমজান-সহ ছ’জন অগ্নিদগ্ধ হন। ঘটনার খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছন। তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। যত ক্ষণে আগুন নিয়ন্ত্রণে আসে, তত ক্ষণে বাড়ির লোকেদের অবস্থা আশঙ্কাজনক। খবর দেওয়া হয় সাগরদিঘি থানার পুলিশকে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা মিলে দ্রুত আহতদের উদ্ধার করে সাগরদিঘি সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্য়াল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
