
নিজের নির্বাচনী কেন্দ্র বেগুসরাইয়ে এক অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। এই ঘটনায় মহম্মদ সোফি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
আচমকা মন্ত্রীর ওপর আক্রমণ চালানোর কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, বিহারের বেগুসরাইয়ে জনতার দরবারে গিয়েছিলেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং। ওই অনুষ্ঠানের মঞ্চে আচমকাই এক যুবক উঠে মাইক হাতে মন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে বলে অভিযোগ। তড়িঘড়ি ওই যুবকের হাত থেকে মাইক নেওয়ার হতেই ঘুষি উঁচিয়ে তেড়ে যান মন্ত্রীর দিকে। যদিও তাঁর কাছে পৌঁছনোর আগেই নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেছেন। কেন্দ্রীয়মন্ত্রীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়া হলেও ধস্তাধস্তির সময় তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে খবর। আচমকা মন্ত্রীর ওপর আক্রমণের কারণ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
