
আদালতের অনুমতি ছাড়া জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কেন গ্রেফতার করেছে সিবিআই। আপ প্রধানের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভির এই যুক্তি মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট।
এরপরেই বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ সিবিআই আইনজীবীকে বলেছে, যখন জেল হেফাজতে থাকা কোনও ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে, তখন ফৌজদারি কার্যবিধি মেনে আদালতের অনুমতির প্রয়োজন।বৃহস্পতিবার থেকে আবগারি দুর্নীতি মামলায় ধৃত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনের আবেদনের শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতে জামিনের আর্জির সওয়াল করতে গিয়ে তাঁর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে রয়েছেন। জামিনে মুক্তি পেলেও বিদেশে পালিয়ে যাওয়ার কোনও আশঙ্কা নেই। আবগারি দুর্নীতির এফআইআর-এ যে দিল্লির মুখ্যমন্ত্রীর নাম নেই, সে কথাও সুপ্রিম কোর্টকে জানিয়েছেন তিনি।২৬ জুন ইডি মামলায় আদালতে হাজির করানো হয়েছিল জেলবন্দি দিল্লির মুখ্যমন্ত্রীকে। তারপর তাঁকে হেফাজতে নেয় সিবিআই। এই প্রসঙ্গে কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তাঁর আইনজীবী।








