
ঘরে ঢুকে টাকা ঘুষ দিতে চেয়েছিল কলকাতা পুলিশের ডিসি নর্থ, এমনই বিস্ফোরক অভিযোগ করেছে নির্যাতিতার বাবা। নির্যাতিতার বাবার অভিযোগ, মেয়ের দেহ যখন বাড়িতে তখন ডিসি নর্থ ঘরের ভিতরে নিয়ে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেছিলেন।
কিন্তু তাঁরা স্পষ্ট জানিয়ে দেন সেই টাকা তাঁরা নেবেন না।পুলিশের বিরুদ্ধে দেহ সৎকারেও তাড়াহুড়ো করা অভিযোগ তুলেছে নির্যাতিতার পরিবার। নির্যাতিতার বাবার অভিযোগ, ‘সাদা কাগজে সই করানোর চেষ্টা করা হয়েছিল। তিনি সেই কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন।একই সঙ্গে পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।তাঁদের দাবি, প্রায় জোর করেই মেয়ের দেহ দাহ করতে হয়েছে। চাপ দিয়েছে পুলিশ। একই সঙ্গে তাঁরা অভিযোগ করেছেন, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় সাংবাদিক বৈঠক ডেকে বার বার মিথ্যা কথা বলছেন। এদিকে তৃণমূলের তরফে ভিডিও দেখিয়ে দাবি করা হয়েছে, কিছুদিন আগেই নির্যাতিতার বাবা-মা জানিয়েছিলেন পুলিশ কোনও টাকার কথা বলেননি। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, রাজনৈতিক দল গুলো নির্যাতিতার বাবা মাকে নিয়ে রাজনীতি করছে। ফেক ভিডিও ছড়িয়ে দিচ্ছে বিজেপির আইটি সেল।








