
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন । ২০১৬ থেকে ১৯ সালের মধ্যে ইচ্ছাকৃতভাবে ১ কোটি ৪০ লাখ ডলার আয়কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল হান্টার বাইডেনের বিরুদ্ধে।৫৪ বছর বয়সী হান্টার প্রথমে এসব অভিযোগ অস্বীকার করেছিলেন।
তবে এবার দোষ স্বীকার করে নিতে সম্মত হয়েছেন তিনি।লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হান্টারের বিরুদ্ধে বিচার শুরুর আগে হান্টারের পক্ষ থেকে দোষ স্বীকার করার কথা আদালতকে জানানো হয়।এ সময় ফেডারেল আদালতে বিচারক মার্ক স্কারসি বলেছেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। জরিমানা হতে পারে ৫ লাখ থেকে ১০ লাখ ডলার। এ বিষয়ে হান্টার বাইডেন জানেন কি না, তা জানতে চান বিচারক।জবাবে হান্টার বলেন,তিনি জানেন।এর আগে গত জুনে অস্ত্র রাখা এবং মাদক ব্যবহারের সঙ্গে সম্পর্কিত অভিযোগে একটি মামলায় দোষী সাব্যস্ত হন হান্টার বাইডেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় হান্টারের সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।দায়িত্বরত মার্কিন প্রেসিডেন্টের সন্তানের অপরাধী সাব্যস্ত হওয়ার সেটিই ছিল প্রথম ঘটনা।এবার কর ফাঁকির মামলায় দোষ স্বীকার করে নিলে এক বছরের মধ্যে দ্বিতীয় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর হান্টারের সাজা ঘোষণা করা হবে। অর্থাৎ হান্টারের বাবা জো বাইডেনের দায়িত্ব ছাড়ার এক মাস আগে সাজা ঘোষণার তারিখ নির্ধারিত হলো। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যেকোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না।
