
বিহারে ফের কাপলিং ছিঁড়ে মগধ এক্সপ্রেসের একাধিক বগি আলাদা হয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। রবিবার সকাল ১১টা নগাদ দিল্লি থেকে বিহারগামী মগধ এক্সপ্রেসে ঘটনাটি ঘটেছে বিহারের বক্সারে।
জানা গিয়েছে, ট্রেনটি দিল্লি থেকে বিহারের ইসলামপুর যাচ্ছিল।কিন্তু ট্রেনটি যখন বক্সার জেলায় ঢোকে, সেই সময় তুরিগঞ্জ এবং রঘুনাথপুর স্টেশনের মাঝে ট্রেনের কাপলিং ছিঁড়ে যায়। ফলে ইঞ্জিনের সঙ্গে থাকা কিছু বগি ট্রেনেরর পিছনের দিকের বগি থেকে আলাদা হয়ে যায়। আর এই ঘটনায় হুলস্থুল পড়ে যায় যাত্রীদের মধ্যে। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে রেল।পূর্ব-মধ্য রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সরস্বতী চন্দ্র জানিয়েছেন, ইসলামপুরগামী ২০৮০২ মগধ এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে গিয়েছিল। খবর পেয়েই ঘটনাস্থলে রেলের বিশেষজ্ঞ দল এবং ইঞ্জিনিয়াররা পৌঁছেছেন। তাঁরা মেরামত করে ট্রেনটিকে দ্রুত রওনা করার ব্যবস্থা করেছেন। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে।এর আগে ২৯ জুলাইও বিহারের দ্বারভাঙা থেকে দিল্লিগামী সম্পর্কক্রান্তি এক্সপ্রেসের কাপলিং ছিঁড়ে আলাদা হয়ে যায় বেশ কয়েকটি বগি।
