
কুকি গোষ্ঠীর সদস্যকে খুনের অভিযোগে ফের উত্তপ্ত মণিপুর। জানা গিয়েছে, ইম্ফলের কাছে ভুলবশত মেইতেই অধ্যুষিত এলাকা সেকমাইতে গাড়ি নিয়ে ঢুকে পড়েছিলেন ওই ব্যক্তি।
লিমলাল মাতে নামে নিহত ওই ব্যক্তি কুকি অধ্যুষিত কঙ্কপোকপাই জেলার শারন ভেং এলাকার বাসিন্দা ছিলেন। রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়েছে।সূত্রের খবর, ওই ব্যক্তি প্রাক্তন সেনা কর্মী ছিলেন। তবে পুলিশের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।এদিকে অস্থির পরিস্থিতিতে ৯ এবং ১০ সেপ্টেম্বর মণিপুরের সমস্ত স্কুল বন্ধ রাখার ঘোষণা করেছে সরকার৷ শুক্রবার মণিপুরে ক্ষেপণাস্ত্র হামলায় একজনের মৃত্যু এবং তিনজন আহত হওয়ার পরে ফের উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।ইতিমধ্যে মণিপুরে শান্তি ফেরাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রবিবার রাজ্যপাল লক্ষণ আচার্যের সঙ্গে দেখা করে একাধিক দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে রাজভবনে গিয়েছিলেন বিধানসভার স্পিকার, রাজ্য মন্ত্রিসভার সদস্যরা ও বিজেপি বিধায়করা।




