
অতিরিক্ত পণ্য বহন বন্ধ-সহ সাত দফা দাবিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ৭২ ঘণ্টার ট্রাক ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রাক অপারেটর্স অ্যাসোসিয়েশন। আশংকা করা হচ্ছে, পুজোর মুখে রাজ্য জুড়ে এই ধর্মঘটের জেরে কলকাতায় অত্যাবশ্যক পণ্যের পাইকারি বাজারে জোগানের ক্ষেত্রে টান পড়তে পারে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে অতিরিক্ত পণ্য বহন বন্ধের দাবি জানানো হলেও ট্রাকচালক এবং প্রশাসনের একাংশের মদতে একটি অসাধু চক্র কাজ করে চলেছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে এই অতিরিক্ত জিনিস বহনের রমরমা বন্ধ করা যাচ্ছে না। এর কারণে ট্রাকমালিকেরা বহু ক্ষেত্রে ন্যায্য ভাড়া থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। পথে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের হাতে হেনস্থার মুখেও পড়তে হচ্ছে।








