
রাস্তা পারাপারের সময় বেপরোয়া লরির ধাক্কায় পিষ্ট হয়ে বৃদ্ধর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কেষ্টপুরে। পুলিশ ও স্থানীয় কাউন্সিলরকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, মৃত বৃদ্ধ বছর ৬৬-র প্রদীপ রায়। কেষ্টপুরের সমরপল্লি এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, বুধবার ভোরে ডাক্তার দেখানোর জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃদ্ধ। সমরপল্লি এলাকায় রাস্তা পেরনোর সময় আচমকা দ্রুতগতিতে আসা একটি লরি পিষে দেয় বৃদ্ধকে। স্থানীয়রা দেখামাত্রই ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় থানার পুলিশ ও কাউন্সিলর। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাস আয়ত্তে আসে পরিস্থিতি। এদিকে তড়িঘড়ি বৃদ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
