
দিনের পর দিন গুজরাটে অশান্তি চললে কি করতেন। এমনই প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন মণিপুরের কংগ্রেস বিধায়ক এ বিমল আকোইজাম।
নতুন করে অশান্তিতে উত্তপ্ত মণিপুর। ইতিমধ্যে তিন জেলা পূর্ব ও পশ্চিম ইম্ফল এবং থৌবালে কারফিউ জারি হয়েছে, বন্ধ ইন্টারনেট পরিষেবা। এমন পরিস্থিতিতে অশান্তি রুখতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন মণিপুরের কংগ্রেস বিধায়ক এ বিমল আকোইজাম। চিঠিতে কংগ্রেস বিধায়ক লিখেছেন, মণিপুরের বর্তমান অবস্থা ১৯৪৭ সালের ভারতভাগের স্মৃতিকে জাগাচ্ছে। মণিপুরে যা চলছে তা গুজরাটে হলে নিশ্চয়ই ভাল লাগবে না স্বরাষ্ট্রমন্ত্রীর। প্রশাসনের নজরদারিতে এত বড় সংকট দুঃখজনক। রাজ্যে একটানা হিংসায় কয়েক শো মানুষের মৃত্যু হয়েছে, ৬০ হাজার মানুষ গৃহহীন। অসংখ্য মণিপুরবাসী ত্রাণশিবিরে দিন কাটাচ্ছেন।এইসঙ্গে প্রাণে মারার হুমকি দিয়ে তোলাবাজির মতো অপরাধ চলছে। দীর্ঘদিন যাবৎ এই পরিস্থিতি চলায় রাজ্যের অর্থনীতিও ভেঙে পড়েছে। কংগ্রেস বিধায়কের প্রশ্ন, দিনের পর দিন এমন হিংসা, সংকট পরিস্থিতি কি উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, মহারাষ্ট্রের মতো মূল ভারত-ভূখণ্ডে চলতে দেওয়া হত।








