
তৃতীয় মেয়াদে এক দেশ, এক নির্বাচন চালু করতে সক্রিয় কেন্দ্রের জোট সরকার।সূত্রের খবর, এনডিএ সরকারের চলতি মেয়াদকালেই এক দেশ, এক নির্বাচন কার্যকর হবে।
এক দেশ, এক নির্বাচন ব্যবস্থা চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই আগ্রহী।লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তৃতা করার সময়েও এই প্রসঙ্গ উঠে এসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। যদিও বিজেপি বিরোধী দলগুলি শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে এক দেশ, এক নির্বাচন প্রক্রিয়ার।অন্যদিকে কেন্দ্রের তরফে আবার যুক্তি দেখানো হয়েছে, এই ব্যবস্থা চালু হলে ভোট প্রক্রিয়ার জন্য যে বড় অঙ্কের খরচ হয়, তা কমে যাবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বারবার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না এবং তার সঙ্গে সরকারি কর্মীদের উপর থেকেও ভোটার তালিকা তৈরির চাপ কমবে।এক দেশ, এক নির্বাচন ব্যবস্থা চালু করা কতটা বাস্তবসম্মত, তা খতিয়ে দেখতে একটি কমিটিও গঠন করা হয়েছিল।








