
আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আরও একবার গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর ২টো নাগাদ ফ্লোরিডায় গল্ফ ক্লাবে অনুশীলন করছিলেন ডোনাল্ড ট্রাম্প।
সে সময় আচমকা সেখানে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে তৎপর হয়ে ওঠেন সিক্রেট সার্ভিসের কর্তারা।আগ্নেয়াস্ত্র-হাতে ক্লাবের সামনে এক প্রৌঢ়কে দেখেন তাঁরা। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। আগ্নেয়াস্ত্র ফেলে সেখান থেকে পালিয়ে যান প্রৌঢ়। পরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।এফবিআই জানিয়েছে, ধৃতের নাম রায়ান ওয়েসলি রাউথ, বয়স ৫৮ বছর। গল্ফ ক্লাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দূরত্ব ছিল ২৭৫ থেকে ৪৫০ মিটার। অন্তত চারবার তিনি গুলি চালিয়েছিলেন। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। গোয়েন্দারা জানিয়েছেন, ঘটনাটিকে হত্যার চেষ্টা হিসাবেই দেখছেন তাঁরা। এই ঘটনার পরই ডোনাল্ড ট্রাম্প ইমেলে বার্তা দেন তাঁর সমর্থকদের উদ্দেশে।জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। এই ধরনের চক্রান্তের কাছে তিনি মাথা নত করবেন না।অন্যদিকে হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার চেষ্টার ঘটনাটি শুনেছেন। প্রাক্তন প্রেসিডেন্ট নিরাপদ আছেন শুনে তাঁরা চিন্তামুক্ত হয়েছেন। জো বাইডেন পৃথক বিবৃতি বলেছেন, আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই।








