
ঠিক সময়ে জাতগণনার বিষয় জানানো হবে। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।জনগণনার সঙ্গে জাতগণনার দাবি তুলে সরব এনডিএ সরকারের জোটসঙ্গী জেডিইউ ও টিডিপি।
জাতগণনা প্রসঙ্গে সুর নরম করেছে আরএসএস-ও। এই আবহে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের একশো দিনের মাথায় কার্যত প্রথমবার জাতগণনার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।অমিত শাহ বলেছেন, দেশজুড়ে খুব দ্রুত জনগণনার কাজ শুরু হয়ে যাবে।জনগণনার বিষয়ে যখন ঘোষণা হবে, তখন সব জানানো হবে।তৃতীয় মোদী সরকারের প্রথম একশো দিনে আর যে বিষয়টি নিয়ে শাসক শিবির আতান্তরে, তা হল মণিপুরের পরিস্থিতি।অমিত শাহ দাবি করেছেন, মণিপুরের সঙ্গে মায়ানমারের সীমান্ত খোলা থাকায় জঙ্গি আনাগোনা বড় সমস্যা। গত একশো দিনে মণিপুর-মায়ানমার সীমান্তের ৩০ কিলোমিটার দীর্ঘ কাঁটাতারের বেড়া বসানো হয়েছে।যুযুধান কুকি ও মেইতেই গোষ্ঠীর সঙ্গে আলোচনা চালানো হচ্ছে।অন্যদিকে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের কটাক্ষ, স্বঘোষিত চাণক্যের কথা অনুযায়ী সব যদি ঠিক থাকে, তাহলে কেন গত বছর মে মাসের পর থেকে আর সেখানে যাননি প্রধানমন্ত্রী।








