
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে ১৭৫ কিলোমিটার দীর্ঘ মানবন্ধন করবে তৃণমূলের মহিলা সংগঠন।
শনিবার তৃণমূল ভবনে অর্থপ্রতিমন্ত্রী তথা মহিলা সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বৈঠক করেছেন মহিলা তৃণমূলের জেলা নেতৃত্বের সঙ্গে। সেখানেই ঠিক হয়েছে ৩০ সেপ্টেম্বর রাজ্যজুড়ে ১৭৫ কিলোমিটার মানববন্ধন করা হবে। তৃণমূলের ৩৫টি সাংগঠনিক জেলাকেই এই মানববন্ধন কর্মসূচি পালন করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক জেলায় ৫ কিলোমিটার করে মানববন্ধন করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে পাহাড় থেকে সাগর ১৭৫ কিলোমিটার মানববন্ধন করতে চায় শাসক তৃণমূল। স্লোগান ঠিক করা হয়েছে আমার হাত, তোমার হাতে, আমরা সবাই দিদির সাথে। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন পশ্চিমবঙ্গে মহিলাদের ক্ষমতায়নে মুখ্যমন্ত্রী অনবদ্য ভূমিকা নিয়েছেন। কৃতজ্ঞতা জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।







