
বর্ষা বিদায়ের আগে দক্ষিণ মায়ানমার উপকূল এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের ভ্রুকুটির জেরে বুধবার সকাল থেকে আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় জেলায় এমনই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস।
বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। বুধবার দক্ষিণবঙ্গের নয় জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। অপরদিকে, বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে। সুন্দরবন উপকূলে ভারী বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় নীচু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এ দিকে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফলে জল ছাড়তে পারে ডিভিসি। ফলত বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলেই মনে করা হচ্ছে।








