
রাজ্যকে না জানিয়ে ডিভিসি-র বিরুদ্ধে অনিয়ন্ত্রিত ভাবে জল ছাড়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নেরই সতর্কবার্তা প্রকাশ্যে এনে মুখ্যমন্ত্রীর দাবি নস্যাৎ করেছেন সুকান্ত মজুমদার।
এক্স পোস্টে নবান্নের পাঠানো মেমো উল্লেখ করে সুকান্ত মজুমদার লিখেছেন, ডিভিসি-র জল ছাড়া নিয়ে আগেই ৮ জেলাকে সতর্ক করেছিল নবান্ন, রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরির আগাম খবর ছিল নবান্নর কাছে। ১৭ সেপ্টেম্বর দুর্যোগ মোকাবিলা দফতরের মেমোতে আট জেলাকে সতর্ক করা হয়, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া ও পুরুলিয়ার জেলাশাসকদের মেমো পাঠানো হয়, মাইথন ও পাঞ্চেত জলাধারে দ্রুত জলস্তর বাড়ছে, জানিয়েছে ডিভিআরআরসি ও সিডব্লুসি, ১৭ সেপ্টেম্বর থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছাড়বে ডিভিআরআরসি, বন্যা পরিস্থিতি তৈরি হলে তা মোকাবিলার যাবতীয় ব্যবস্থা নিতে হবে। প্লাবিত হতে পারে এমন এলাকার মানুষকে প্রয়োজনে যেন নিরাপদ আশ্রয়ে সরাতে হবে। সুকান্ত মজুমদারের তোপ, মা মাটি মিথ্যা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারের নামে অপপ্রচার বন্ধ করুন। মুখ্যমন্ত্রীকে আর কেউ বিশ্বাস করে না, আর করবেও না। মেমো পোস্ট করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বিজেপির রাজ্য সভাপতির।








