
লেবাননের রাজধানী বেইরুটে ইজরায়েলের বোমাবর্ষণে নিহত হয়েছেন হিজবুল্লা প্রধান সৈয়দ হাসান নাসরাল্লা। এমনই দাবি করেছে ইজরায়েল সেনা।
যদিও হাসানের মৃত্যুর খবর নিশ্চিত করেনি ইরান মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লা। ইজরায়েল সেনার মুখপাত্র লেফ্টেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন, নাসরাল্লা নিহত। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত না করলেও হিজবুল্লা-ঘনিষ্ঠ এক সূত্র সংবাদ সংস্থা-কে জানিয়েছে, শুক্রবার রাত থেকে নাসরাল্লার সঙ্গে কোনও ভাবে যোগাযোগ করা যাচ্ছে না। গত কয়েক দিন ধরেই ইজরায়েল সেনা লেবাননের সীমান্তবর্তী এলাকায় হামলা চালাচ্ছে। তবে শুক্রবার রাত থেকে দফায় দফায় বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বেইরুটে। ইজরায়েলি সেনা দাবি করেছিল, হিজবুল্লার প্রধান হাসান নাসরাল্লার গোপন ঘাঁটি চিহ্নিত করার পর সেখানে হামলা চালানো হয়েছে। তার কয়েক ঘণ্টার মধ্যেই ইজরায়েল সেনার দাবি, সেই হামলায় হত নাসরাল্লা।গত সোমবার থেকে ধারাবাহিক ভাবে লেবাননের বিভিন্ন প্রান্তে হামলা চালাচ্ছে ইজরায়েল সেনা। এখনও পর্যন্ত ইজরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে।








