
পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারের আমলে অপরাধীদের দৌরাত্ম বেড়েছে।
লেক থানা এলাকায় গান পয়েন্টে রেখে আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণকাণ্ডে এমনই মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুধাংশু ত্রিবেদী। তিনি আরও বলেছেন, রাজ্যে অপরাধীদের মনোবল এতটাই বৃদ্ধি পেয়েছে তাদের অঙ্গুলিহেননেই বর্তমানে রাজ্য সরকার চলছে। তাঁর অভিযোগ, কলকাতা পুলিশ একজন আইএএস অফিসারের স্ত্রীকে ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বস্তুত, রাজ্যের বাইরে কর্মরত ওই আইএএস অফিসারের স্ত্রীকে ১৪ এবং ১৫ জুলাই দু’বার তাঁর লেক রোডের বাড়িতে ঢুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নির্যাতিতার অভিযোগ এবিষয়ে অভিযোগ জানাতে লেক থানায় গেলেও অভিযোগ না নিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পুলিশের বিরুদ্ধেই অভিযোগপত্র বিকৃত করার বিস্ফোরক অভিযোগে মামলা দায়ের হয়ছে হাইকোর্টে। এই পরিস্থিতিতে গ্রেফতারির পরেই নিম্ন আদালত সঙ্গে সঙ্গে অভিযুক্তর জামিন মঞ্জুর করে। তবে নিম্ন আদালতের জামিন হাইকোর্ট খারিজ করেছে।








