
সাগর দত্ত মেডিক্যাল কলেজে চিকিৎসক ও নার্সদের ওপর হামলার ঘটনায় সোমবার কামারহাটি থানায় আত্মসমর্পণ করেছেন আরও ২ জন। পরে তাদের গ্রেফতার করেছে পুলিশ।
জুনিয়র চিকিৎসদের ওপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসক এবং নার্সদের বিরুদ্ধে পাল্টা কামারহাটি থানায় অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবারও। এই অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে এফআইআর। শুক্রবার সাগর দত্ত মেডিক্যাল কলেজে রোগীমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ এরপরেই রোগীর পরিবার জুনিয়র ডাক্তারদের মারধর করেন। ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স সহ ৭ জন আহত হয়েছেন। তারপরেই নিরাপত্তার দাবি তুলে কর্মবিরতি শুরু করেন জুনিয়র ডাক্তাররা। ঘটনার পরেই পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। সোমবার আরও ২ জন থানায় আত্মসমর্পণ করেছেন। এদিকে সাগর দত্ত মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের ওপর হামলায় বেসরকারি নিরাপত্তারক্ষীদের শোকজ করেছেন হাসপাতালের সুপার। নিরাপত্তারক্ষীরা যে সংস্থায় কাজ করেন, সেই সংস্থাকেও শোকজ করা হয়েছে।








