পাক যুবকের বাংলাদেশি স্ত্রী, কর্নাটকে গ্রেফতার ৪

0
160

অবৈধভাবে ভারতে প্রবেশ এবং বসবাসের অভিযোগে পাকিস্তানের যুবক, তাঁর বাংলাদেশি স্ত্রী-সহ ৪ জনকে গ্রেফতার করেছে কর্নাটক পুলিশ।

ধৃতদের প্রত্যেকের কাছ থেকে ভারতীয় নথি উদ্ধার হওয়ায় উচ্চ পর্যায়ের তদন্তের আদেশ দিয়েছে কর্নাটক সরকার। তদন্তকারীদের সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্ত ব্যবহার করে ২০১৪ সালে ভারতে প্রবেশ করেছিল চার সদস্যের একটি বাংলাদেশি পরিবার। পরে তারা যায় বেঙ্গালুরুতে। তার আগে কিছু দিন সকলে দিল্লিতে ছিলেন। জাল ভারতীয় পাসপোর্ট এবং আধার কার্ড তৈরি করে এ ভাবেই ১০ বছর ধরে ভারতে বসবাস করছে ওই বাংলাদেশি পরিবার। তদন্তে এ-ও উঠে এসেছে, পরিবারের ধৃত এক সদস্য প্রকৃত পক্ষে পাকিস্তানের নাগরিক। ওই ব্যক্তির স্ত্রী এবং আরও দুই আত্মীয় বাংলাদেশের নাগরিক। স্ত্রী, শ্বশুর এবং শাশুড়ির নাম-পরিচয় গোপন করে পাক নাগরিক থাকছিলেন বেঙ্গালুরুর একটি জায়গায়। গোপন সূত্রে সেই খবর পেয়ে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, পাকিস্তানের নাগরিক রশিদ বাংলাদেশের ঢাকায় বিয়ে করেছিলেন। পরে স্ত্রী এবং শ্বশুরকে নিয়ে সীমান্তের কাঁটাতার পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকেন।