
মহালয়ার পিকনিকে বাজি ফাটানো নিয়ে গণ্ডগোলের জেরে তৃণমূল কর্মীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক তৃণমূল ছাত্র নেতাকে।
এই ঘটনায় তুমুল শোরগোল পড়ে নৈহাটির আরবিসি কলেজ সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে খবর, ধৃত ঋষি মুখোপাধ্যায় নৈহাটি বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি।আহত তৃণমূল কর্মী অজিত প্রসাদের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, বুধবার মহালয়ার দিন আরবিসি কলেজের সামনে পিকনিক চলাকালীন বাজি ফাটানো নিয়ে গণ্ডগোল বাঁধে। আহত অজয় প্রসাদের অনুগামীরা জানান, তাঁদের পিকনিক চলাকালীন নৈহাটি টাউন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট ঋষি মুখোপাধ্যায়ের দল হঠাৎ বাজি ফাটাতে শুরু করে। অজয় প্রতিবাদ করায় ঋষির দলবল তার উপর চড়াও হয়ে মারধর শুরু করে। এই ঘটনায় দু’পক্ষই পরষ্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। তদন্তে নেমে চারজনকে গ্রেফতার করে নৈহাটি থানার পুলিশ। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।








