
এবার দিল্লির সরকারি বাংলোও ছেড়ে পরিবার নিয়ে নতুন বাড়িতে উঠেছেন সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। আপাতত লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর বাংলোর নতুন ঠিকানায় থাকবেন তিনি।
দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফিরলে তবেই মুখ্যমন্ত্রীর বাসভবনে ফিরবেন বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসে গত সাড়ে ৯ বছর সরকারি বাসভবনেই ছিলেন অরবিন্দ কেজরিওয়াল। কিন্তু মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার পরই দিল্লির সিভিল লাইন্স এলাকায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। এতদিন যাবৎ পাওয়া যাবতীয় সরকারি সুবিধাও। শুক্রবার সকালে সিভিল লাইন্স এলাকার বাড়ি ছেড়ে অরবিন্দ কেজরিওয়াল চলে গিয়েছেন লুটিয়েন্স দিল্লির ৫ নম্বর বাংলোয়। ওই বাংলোটি পাঞ্জাবের এক আপ সাংসদের নামে বরাদ্দ। এই বাংলোটি আপের সদর দফতরের কাছাকাছি। ফলে সুবিধাই হবে আপ সুপ্রিমোর। এদিনই সেখানে পৌঁছেই গৃহপ্রবেশের পুজোর আয়োজন করেছিল কেজরিওয়াল পরিবার।পুজোয় যোগ দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল।








