
ছত্তিশগড়ে যৌথ বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছে ৩০ মাওবাদী। ২০২৬ সালের মধ্যে মাওবাদ মুক্ত ভারত গঠনের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্য মাওবাদী অধ্যুষিত অঞ্চলে শুরু হয়েছে অল আউট অভিযান।
জানা গিয়েছে, নারায়ণপুর ও দান্তেওয়াড়া জেলার সীমায় অবস্থিত অবুঝমাড় এলাকায় মাওবাদীদের উপস্থিতির খবর পেয়ে শুক্রবার সাড়ে ১২ টা নাগাদ অভিযানে নামে যৌথ বাহিনী। নারায়ণপুর ও দান্তেওয়াড়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের তরফে যৌথ অভিযান চালানো হয় ওই এলাকায়। গোটা এলাকা ঘিরে ফেলে শুরু হয় অভিযান। বাহিনীর উপস্থিতি টের পেয়ে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ৩০ মাওবাদীর দেহ উদ্ধার করা হয়েছে। গোটা এলাকায় এখনও চলছে তল্লাশি অভিযান।পাশাপাশি পুলিশের তরফে জানা গিয়েছে, মৃত মাওবাদী সদস্যদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি এসএলআর ও প্রচুর পরিমাণ বিস্ফোরক। প্রশাসন সূত্রে খবর, মাওবাদীদের বিরুদ্ধে অল আউট অভিযান শুরু করার পর চলতি বছরে এখনও পর্যন্ত ১৭১ জন মাওবাদীর মৃত্যু হয়েছে ৭টি জেলা নিয়ে গঠিত বস্তার অঞ্চলে।
